
সুনামগঞ্জের জামালগঞ্জে এক জনসভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাম উচ্চারণ করে বিতর্কের জন্ম দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। মঙ্গলবার সকালে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ এলজিইডি আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তাঁর বক্তব্যের পর সভাপতির বক্তব্য দিতে গিয়ে ইউএনও বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠনের নাম উল্লেখ করার একপর্যায়ে ছাত্রলীগের নাম নেন।
বক্তব্যে ইউএনও বলেন, অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
এ ছাড়া প্রতিটি ইউনিয়নে তিন একর খাসজমিতে খেলার মাঠ তৈরির নির্দেশনার কথা জানান তিনি। একই সঙ্গে উড়াল সড়ক নির্মাণে জামালগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রকাশ্য জনসভায় প্রশাসনের একজন কর্মকর্তার মুখে নিষিদ্ধ সংগঠনের নাম উচ্চারিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হকসহ জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বক্তব্যের প্রতিক্রিয়ায় সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আবদুল হক বলেন, সরকারি দপ্তরে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি এ বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যের হস্তক্ষেপও দাবি করেন।